দৌলতপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) কে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে গ্রেফতার করা হয়।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করলে ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র ও গুলি সহ তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































